ডাকসুতে জেতায় শিবিরকে অভিনন্দন জানাল জামায়াতে ইসলামী পাকিস্তান
ছবি: সংগৃহীত
ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। আর এই জয় পাওয়ায় ইসলামী ছাত্রশিবিরকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী।
বুধবার (১০ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ শুভেচ্ছা জানান পাকিস্তান জামায়াত ইসলামের আমির হাফিজ নাঈম উর রেহমান।

পোস্টে তিনি লিখেন, বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্ববৃহৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির (ইসলামী জমিয়ত তালাবা) জিতেছে। পুরো প্যানেল বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যান্য প্যানেলগুলি ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সফল হয়েছে শিবির। তাই শিবিরকে অভিনন্দন।
তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ, এই সফলতা ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি, ছাত্র যুবকদের অধিকার আদায়ে সংগ্রাম এবং উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে গণতন্ত্রের সূতিকাগার ছাত্র সংসদে নির্বাচন করেছে।
এদিকে, আজ সন্ধ্যার পর থেকে ওই পোস্টটি আর ওই পেজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।

