নেপাল থেকে জামালদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার পরিকল্পনা সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের ঢাকা ফেরার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে বর্তমানে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা টিম হোটেলে অবস্থান করছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে নেপালে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে সেখানে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশ দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতি জেনে নিয়েছেন এবং দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

