ডাকসু নির্বাচন
অনুমতি না থাকলেও সাদিক কায়েমসহ শিবির সমর্থিত ২ প্রার্থীর ভোট গণনার কক্ষে প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীর ভোট গণনার কক্ষে প্রবেশের অনুমতি নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে গণনার কক্ষে প্রবেশ করেছেন শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে গণনার কক্ষে প্রবেশের অনুমতি নেই। তবে আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন গণনা কক্ষে প্রবেশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ তোলেন যে এতে স্বচ্ছতা বিঘ্নিত হচ্ছে।
প্রতিরোধ পর্ষদের এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেল দুটি ছবি পোস্ট করে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় ভোট গণনার কক্ষে শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন ভোট গণনা কক্ষে প্রবেশ করেন। ডাকসুর কোনো প্রার্থীর ভোট গণনা কক্ষে প্রবেশের অনুমতি নাই। তবুও শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন কোন নিয়মের বলে ভোট গণনার কক্ষে প্রবেশ করেন তা একটা বড় প্রশ্ন। পোলিং এজেন্টদের প্রতিবাদের মুখে তারা ভোট গণনার কক্ষ থেকে বের হতে বাধ্য হন।
