দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টার দিকে শাহবাগে অবস্থান নেন তারা। এর আগে মঙ্গলবার টানা পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার করতে না দেওয়া, ডিপ্লোমা ডিগ্রিধারীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পর্যায়ের প্রকৌশলীদের সুযোগ দেওয়ার নিশ্চয়তা।
শিক্ষার্থীদের অবস্থানের ফলে শাহবাগ এলাকা এবং আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মৎস্য ভবন হয়ে শাহবাগমুখী বাসগুলো মোড় পর্যন্ত এসে বাধ্য হচ্ছে ঘুরে যেতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে শাহবাগের দিকে যাওয়া গাড়িগুলোও আটকে পড়েছে। কাঁটাবন মোড় থেকে শাহবাগমুখী সড়কেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
আন্দোলনে অংশ নেওয়া বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ বলেন, “আমরা চেষ্টা করেছি যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়, সে জন্য প্রথমে রাতে আন্দোলন করছিলাম। কিন্তু দাবি না মানায় বাধ্য হয়ে গতকাল থেকে সড়ক অবরোধ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

