ঢাবির স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হল থেকে বহিষ্কার
স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: ফেসবুক থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাকবিতণ্ডার জেরে জালাল তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। ঘটনার সময় জালাল কক্ষে এসে হঠাৎ আলো জ্বালিয়ে শব্দ করতে থাকেন। ঘুম ভাঙার পর রবিউল বিরক্তি প্রকাশ করলে জালাল তাকে বহিরাগত বলে গালিগালাজ করেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় রবিউল নিজেকে রক্ষা করে পালিয়ে যান।
ঘটনার পরপরই হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম জালাল আহমদকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন এবং বলেন, এ ধরনের নৃশংস ঘটনার কোনো স্থান নেই। জালালের ছাত্রত্ব বাতিলেরও উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে জালালকে পুলিশে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ডাকসু নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। জালালের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ থাকলেও তার বিষয়ে আগের ব্যবস্থাগুলো নিয়ে প্রক্টর মন্তব্য করতে রাজি হননি। তবে বলেন, এখন সব দিক খতিয়ে দেখা হবে।
এদিকে ঘটনার পর মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। তারা অভিযোগ করেন, জালালের আগের আচরণগুলোর ব্যাপারে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দাবি জানালে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রক্টর।

