Logo
Logo
×

সংবাদ

মোহাম্মদপুর থানার সেই ওসিসহ ৩ পরিদর্শককে বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

মোহাম্মদপুর থানার সেই ওসিসহ ৩ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রবিবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে পরিবহন বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে দায়িত্বে অবহেলাসহ নানা অভিযোগে গত মাসে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ওই সময় মোহাম্মদপুর থানার সামনে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন