বিএসএফের হাতে আটক সেই বাংলাদেশি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক সেই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। ওই পুলিশ কর্মকর্তার নাম আরিফুজ্জামান। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাঁকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এ বদলি করা হয়। সেখানে তিনি গত বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক।
গতকাল শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ তাঁকে আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ করে।
