একাত্তরে গণহত্যার ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, একাত্তরে গণহত্যার ইস্যু দুইবার সমাধান হয়েছে।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
ইসহাক দার বলেন, “অমীমাংসিত ইস্যু বলতে যা বলা হচ্ছে, সেটির নিষ্পত্তি প্রথমবার হয় ১৯৭৪ সালে। সে সময় যে দলিল স্বাক্ষরিত হয়েছিল, তা দুই দেশের জন্যই ঐতিহাসিক। পরে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে খোলামনেই বিষয়টি মীমাংসা করেছেন। অর্থাৎ একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুর দিকে সমাধান হয়েছে।”
তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশ এখন অতীত ভুলে সামনে এগোতে চায়। মুসলিমদের মন পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠক শেষে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হবে।

