Logo
Logo
×

সংবাদ

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পিএম

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেছেন, প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না, যার বিরুদ্ধেই অভিযোগ হোক। ইতোমধ্যে আপনারা হয়তো শুনেছেন, আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি, যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে দেখব। আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহযোগিতায় সঠিকভাবে চালিয়ে যাব বলে বিশ্বাস করি।

আজ সোমবার সকালে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ’- এ স্লোগানে জয়পুরহাটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেন, সবার আগে নজর দিতে হবে দুর্নীতি দমন কমিশন অফিসের দিকে। আপনাদের আশপাশে যারা দুর্নীতি নিয়ে কাজ করছে- আমাদের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা, প্রথম কাজ হচ্ছে যেটা দেখা- আমরা দুর্নীতিগ্রস্ত কিনা? এটা যদি সফলতার সঙ্গে দেখতে পারেন তারপর আপনারা নিজেরা কতটা সফল হবেন- সে পরীক্ষা করতে পারবেন। 

তিনি আরও বলেন, সেবা প্রদানকারীর সংখ্যা কিন্তু খুব কম, গ্রহীতার সংখ্যাই বেশি। কিন্তু সমস্ত ক্ষমতা আবার যারা সেবা প্রদানকারী তাদের হাতে। যারা চাইলে কাজটা সহজ করতে পারেন, চাইলে কাজটি কঠিন করতে পারেন। আমি শুধু এটা বলি না যে, সবটা চাইলেই এই মুহূর্তে করতে পারব, তা নয়। অনেক বিষয় আছে যার সাথে মামলা মোকদ্দমা জড়িত। দুর্নীতি দমন যে একটা কঠিন কাজ, সেটা গণশুনানিতে উঠে আসে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন