হাসপাতালে পার্কিং করা প্রাইভেট কার থেকে দুজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:৫২ পিএম
ঢাকার মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) বেলা দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহগুলোর নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জিজ্ঞেস করলে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে, দুদিনেও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে ২ জনের মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।
রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, নিহতদের একজনের নাম জাকির। তিনি প্রাইভেটকারটির ড্রাইভার। জাকির ড্রাইভারের সিটে মৃত অবস্থায় ছিল। পাশে মিজান নামে আরেকজন মৃত অবস্থায় ছিল। মিজান জাকিরের পরিচিত এবং তাদের বাসা একই এলাকায়। তারা এখানে একজন রোগীকে নিতে এসেছিল। গতকাল ভোরের দিকে তারা এখানে আসে।
তিনি বলেন, হাসপাতালটিতে নিহতদের এক স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহে পচন ধরেছে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে থানায় খবর আসে। গাড়িটি গতকাল রোববার ভোরে সাড়ে ৫টার দিকে সেখানে পৌঁছে। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার-এক্স। মালিক জোবায়ের আহমেদ সৌরভ।
দুজনের মৃত্যুর কারণ সম্পর্কে রমনার ডিসি বলেন, এক্সপার্ট অপিনিয়ন ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। তারপরও আমরা এটাকে উড়িয়ে দিচ্ছি না। সব বিষয় সামনে রেখে তদন্ত করে যাচ্ছি। এ ঘটনায় নিহতদের পরিচয় এবং গাড়ির মালিকের পরিচয় সব বিষয় ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে। সবকিছু তদন্ত এবং বিশ্লেষণ করে দেখছি।
