'প্লট দুর্নীতি'র মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ
ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ সোমবার এ সাক্ষ্যগ্রহণ করবেন।
গত ৩১ জুলাই একই আদালত পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তানসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ওই দিন তিনটি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের সাক্ষ্যগ্রহণের তারিখ ১১ আগস্ট নির্ধারণ করা হয়।
আরও তিন মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর সাক্ষ্যগ্রহণ ১৩ আগস্ট হবে।
দুদক গত ডিসেম্বরে পূর্বাচল প্রকল্পে প্রতিজনের নামে ১০ কাঠা করে মোট ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে। এ অনুসন্ধানের ধারাবাহিকতায় চলতি বছরের ১২ জানুয়ারি প্রথমে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক, পরে বাকিদের বিরুদ্ধেও মামলা হয়।

