Logo
Logo
×

সংবাদ

জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘জুলাই ঘোষণাপত্র’কে দলটি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তার মতে, এতে সব রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি হবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিকে নির্বাচন আয়োজনের সময়সীমা হিসেবে ঘোষণাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তার ভাষায়, এটি দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে সহায়ক হবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে সুগম করবে।

মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময়ে মানুষ প্রাণ দিয়েছে, অনেকে নিখোঁজ হয়েছেন, আহত হয়েছেন, কারাবন্দি হয়েছেন। তার ভাষায়, ফ্যাসিবাদী সরকারের পরিকল্পিত ভোটাধিকার হরণ ও নির্বাচনী প্রহসনের কারণে গণতন্ত্র বারবার পদদলিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় ১০ বছরের সাজা দিয়ে ৬ বছর বন্দি করে রাখা হয়েছিল। অনেক শীর্ষ নেতাকে আজীবনের সাজা দিয়ে রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন থেমে থাকেনি।

তিনি আরও বলেন, জুলাই ও আগস্ট মাসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে গণআন্দোলন গড়ে ওঠে, তা ছিল ঐতিহাসিক। সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

নতুন সরকার ক্ষমতায় এসে অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস একটি যৌথ রাজনৈতিক ঘোষণাপত্র প্রকাশ করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। সেই সাথে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন বা নিখোঁজ হয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে বিএনপি।

বিএনপি আশা করছে, নির্ধারিত সময়ে একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গণতন্ত্রকে টেকসই করার লক্ষ্যে সব রাজনৈতিক দল ও জনগণকে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ ছাড়া মির্জা ফখরুল বলেন, গত এক বছরে প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছে বিএনপি। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা দ্রুত সম্পন্ন হবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন