Logo
Logo
×

সংবাদ

কবর থেকে গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ উত্তোলন

Icon

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম

কবর থেকে গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ উত্তোলন

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার বেলা ১০টার দিকে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে আদালত নির্দেশ দেন। পরবর্তীতে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে জেলা শহরের পৌর কবরস্থান থেকে নিহত ইমন তালুকদার ও রমজান কাজীর মরদেহ উত্তোলন করা হয়।

এদিকে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ দস্তেগীরের উপস্থিতিতে নিহত সোহেল রানার মরদেহ দক্ষিণ টুঙ্গিপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয়। এসময় নিহতের পরিবারের সদস্যসহ সদর ও টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। মামলা রুজু হয়েছে, তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এ আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

সোমবার গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গত বুধবার সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘কারফিউ ও ১৪৪ ধারা জারি নাই। পরিস্থিতি শান্ত, স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস-আদালত, বাজারঘাট, স্কুল-কলেজে যাচ্ছে’।

তিনি জানান, বুধবারের পর মোট ৩১৩ জনকে আটক করা হয়েছে। তবে সহিংসতা, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন