Logo
Logo
×

সংবাদ

গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি হয়েছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম

গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি হয়েছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিস্থিতির কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে।’

গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সংঘর্ষ চলাকালীন পুলিশ এবং সেনাবাহিনীকে গুলি ছুড়তে দেখা যায়। সংঘর্ষের পর ওই জেলায় কররফিউ জারি করে সরকার। এখন কারফিউ প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে। সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটি কথাই বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতকারী ছাড়া না পায়। আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটাতো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময়...আগে যখন আমরাও (রাজনীতি) করেছি, তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কিনা।’

গোপালগঞ্জে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি জানিয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ মামলা করবে কি করবে না, একটি কমিটি গঠন করা হয়েছে, তারা বলবে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

গোপালগঞ্জের ঘটনায় নয়টি শিশুকেও আটকে রাখা হয়েছে বলে তথ্য দেন একজন সাংবাদিক। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ রকম কোনো খবর আমার কাছে নেই। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান কোন গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন হয়েছে। তখন তাঁকে জানানো হয় দৈনিক সমকাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রবিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হরতাল নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে, হরতাল হয়েছে কিনা সেটা বলেন। দুটি গাড়ি (পোড়ানো) হয়েছে সত্যি কথা। নাশকতাটা হয়েছে। অন্যান্য হরতাল কল (আহ্বান) করার সময় এই নাশকতাটা আরও বেশি হয়েছে। তার থেকে আমরা (নাশকতার পরিমাণ) অনেকটা কমিয়ে আনতে পেরেছি কিনা, সেটি আপনারা দেখবেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন