Logo
Logo
×

সংবাদ

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল

অন্তর্বর্তী সরকার নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল করেছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রায় ১৬ বছর শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি ছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে “স্যার” বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা উচ্চপদস্থ অন্যান্য নারী কর্মকর্তার ক্ষেত্রেও বহাল ছিল এবং এখনো অনেক ক্ষেত্রে তা অব্যাহত রয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। এমতবস্থায় আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনা বাতিল করেছে। 

একইসঙ্গে, মন্ত্রিসভার জারিকৃত অন্যান্য প্রোটোকল নির্দেশনা সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এই প্রেক্ষাপটে, প্রোটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য কমিটি আগামী এক মাসের মধ্যে তাদের সংশোধিত সুপারিশ উত্থাপন করবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন