Logo
Logo
×

সংবাদ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলার প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলার প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) প্রায় দুই ঘণ্টা ধরে চলা এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয়ে বৈঠকে পর্যালোচনা হয় এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, ‘প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন। উনি আরো বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।’

প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘অনেকগুলো বিষয় আছে যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এই নির্বাচনকে সামনে রেখে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নিয়োগ, ট্রেনিং প্রক্রিয়া যাতে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিনষ্ট করার অনেক পাঁয়তারা হয়। তাই নির্বাচনকে সামনে রেখে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে সে নির্দেশ দিয়েছেন।’

বৈঠকে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন এবং নির্বাচনের আগে তাদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন