মুরাদনগরের ওই নারীর ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম
কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগীর সব ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাই জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে।
এদিকে এ মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।
