Logo
Logo
×

সংবাদ

সেই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম

সেই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন: প্রেস উইং

ছবি: সংগৃহীত

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে প্রবেশে দেরি হওয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দিতে না পারা সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। 

রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের ওই পরীক্ষার্থীকে এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার একটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। 

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ‌মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। দেরিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোয় পরীক্ষা দিতে না পেরে এই শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন