আদালতে হাবিবুল আউয়াল
সমঝোতা না হওয়ার কারণেই ডামি নির্বাচন হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৪:৩০ পিএম
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আদালতে বলেছেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। কোনো সিইসির পদত্যাগের রেকর্ড এ দেশে নেই।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় রিমান্ড শুনানি হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানির সময় সাবেক সিইসি আদালতের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘এটি ছিল প্রহসনের নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই এই ডামি নির্বাচন হয়েছে।’
হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাঁকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। পদত্যাগ করার রেকর্ড এ দেশে নেই।
বাংলাদেশ স্বাধীনের পর শেখ মুজিবুর রহমানের শাসনামলে নির্বাচন ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলেন হাবিবুল আউয়াল। এসব নির্বাচনের বিভিন্ন অনিয়মের দিক তুলে ধরেন তিনি বলেন, তখনো কোনো সিইসি বা নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি।
পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
প্রহসনের নির্বাচন করার অভিযোগে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা, ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২২ জুন সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
গতকাল বুধবার তাঁকে মগবাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
