প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর নিয়ে ঐকমত্য হয়নি: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:০৫ পিএম
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো একমত নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের সংলাপ শেষে আলী রীয়াজ এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন থেকে যে নতুন নাম প্রস্তাব করা হয়েছে, তা হলো—সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি।
আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে সবশেষ বলা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হয়, তাহলে তারা প্রধানমন্ত্রীর মেয়াদকাল আবার বিবেচনা করবে। এই আলোচনায় আমরা কোনো রকম ঐকমত্যে পৌঁছাতে পারিনি।
তিনি আরও বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সবশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদকাল নিয়ে যে আলোচনা হয়েছে, তা অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। আমরা আশাবাদী, আলোচনায় আমরা সবাই একমত হতে পারব।
আলী রীয়াজ এনসিসির পরিবর্তে নতুন কমিটির নাম প্রস্তাবের বিষয়ে বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করা হয়েছে। এনসিসির পরিবর্তে জাতীয় ঐকমত্য কমিশন থেকে নতুন নাম প্রস্তাব করা হয়েছে, যার নাম—সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি।
