চেয়ারম্যান অপসারণ না হলে এনবিআরে ‘সম্পূর্ণ শাটডাউন’ ঘোষণা
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানকে সরানোর দাবিতে আগামী ২৮ জুন থেকে কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তরে লাগাতার পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিষদের সভাপতি হাসান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।
তারা বলেন, চেয়ারম্যান আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করছেন। দাবি না মানলে মঙ্গলবার থেকে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চলবে, আর ২৫-২৬ জুন চলবে বাড়তি কর্মসূচি।
ইতিমধ্যে পাঁচ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন কর গোয়েন্দা, বোর্ড, ঢাকা ও কুমিল্লার কর্মকর্তারা। এসব বদলিকে প্রতিহিংসা হিসেবে দেখছে ঐক্য পরিষদ।
এছাড়া, মে মাসে এনবিআর ভেঙে নতুন দুটি বিভাগ করার প্রতিবাদে কর্মকর্তারা আন্দোলন করেন। সরকার পিছু হটলেও চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এখন বদলি ও হুমকির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও অভিযোগ তুলেছে ঐক্য পরিষদ।

