Logo
Logo
×

সংবাদ

ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের আশঙ্কা

সাইবার সুরক্ষা অধ্যাদেশও মাফিয়াদের জুলুমের হাতিয়ারে পরিণত হতে পারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

সাইবার সুরক্ষা অধ্যাদেশও মাফিয়াদের জুলুমের হাতিয়ারে পরিণত হতে পারে

সাইবার সুরক্ষা অধ্যাদেশও মাফিয়াদের জুলুমের হাতিয়ারে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক। আজ শনিবার বিকেলে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কা প্রকাশ করা হয় 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক ও ভয়েস ফর রিফর্ম। সেখানে সঞ্চালক দিদারুল ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, মৌলিক কয়েকটি ত্রুটির পরও সাইবার সুরক্ষা অধ্যাদেশ একটি ইতিবাচক অগ্রগতি। পাশাপাশি এ সংক্রান্ত প্রায় ৯৫ ভাগ মামলা বাতিল করা হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আইনে স্পিচ অফেন্স সংক্রান্ত অনেকগুলো ধারা বাতিল হয়েছে। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। এসব নিশ্চয় প্রশংসার দাবি রাখে। ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক এর পক্ষ থেকে এসব কারণে সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি তিনি নতুন অর্ডিনেন্স সংক্রান্ত ৫টি সহ ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক এর পক্ষ থেকে মোট ৯টি দাবি তুলে ধরেন। সেখানে তিনি গুরুত্ব দিয়ে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের সুযোগের কঠোর সমালোচনা করে বলেন, প্রয়োজনে অনলাইনে সার্বক্ষণিক ও তাৎক্ষণিক ওয়ারেন্ট সংগ্রহের ব্যবস্থা করতে হবে। স্পিচ অফেন্সকে ফৌজদারি অপরাধের তালিকা মুক্ত করার আহ্বান জানান তিনি। 

তারা শহীদ মুশতাক আহমেদ সহ এসকল আইনের সকল ভিক্টিমের স্বীকৃতি, বিচার ও ক্ষতিপূরণের দাবি করেন। ৫৪ ধারা, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, ডেটা প্রটেকশন অ্যাক্ট সহ সকল নিবর্তনমূলক আইন বাতিল; ডিবি, ডিজিএফআই, র‍্যাব বিলুপ্তি বা অন্তত সংস্কারের দাবি করেন তিনি। এবং সর্বোপরি পরবর্তী কোন সরকারের জনমতের বাইরে এ ধরনের আইন বানানোর একচ্ছত্র ক্ষমতা কাঠামোর সংস্কার চায় ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক। 

সভায় আরো বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রায় সাড়ে ৫ বছর গুম থাকা ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশি, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদউল্লাহ মধু, মেয়ে নেটওয়ার্ক এর সংগঠক তৃষিয়া নাশতারান, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব হোসেন, ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক এর সদস্য মোহাম্মদ ইমন ও আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার। সভার সভাপতিত্ব করেন ভয়েস ফর রিফর্ম এর সংগঠক ফাহিম মাশরুর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন