Logo
Logo
×

সংবাদ

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:২০ পিএম

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি

ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনে ‘রোডম্যাপ’ কবে দেবেন জানতে চাইলে সিইসি বলেন, ‘সময় এলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। নির্বাচন নিয়ে আমাদের অবশ্যই কর্মপরিকল্পনা রয়েছে। অনেকেই এটিকে রোডম্যাপ বলে, অনেকে নানাভাবে এটার নাম দেয়। 

তিনি আরও বলেন, আমরা এটাকে বলি কর্মপরিকল্পনা। যেকোনো অফিসে একটি কর্মপরিকল্পনা থাকবে না? এত বড় একটা বড় নির্বাচন হবে, প্রথম থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদেরও কর্মপরিকল্পনা রয়েছে। এটি আমাদের ব্যবহারের জন্য, এটি সবার সঙ্গে শেয়ার করার জন্য নয়। এটি আমাদের নিজস্ব। কোনো কারণে যদি সময়মতো কাজ না হয়, দু-চার দিন এদিক-সেদিক হতে পারে। এটি আমাদের একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা, এটি তো সংশোধনযোগ্য।’

সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘যদি বলেন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না। দেখেন, এটি করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে একটি মুখ্য ভূমিকা পালন করবে তো। এটি ছাড়া তো সম্ভব নয়।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। যদি নির্বাচনের তারিখের ব্যাপারে জানতে চান, তাহলে নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করব। সরকারের সঙ্গে এ জন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। 

তিনি আরও বলেন, ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারেকাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসির সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলো ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সময়মতো যোগাযোগ হবে। সময় হলে সবকিছু জানতে পারবেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন