বাংলাদেশ ৪৯৫ রানে অলআউট, জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা
গল টেস্টের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ৩.৪ ওভার স্থায়ী হলো বাংলাদেশের প্রথম ইনিংস। আগের দিন ৪৮৪/৯ থেকে শুরু করে দলীয় সংগ্রহে মাত্র ১১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় টাইগাররা। শেষ ব্যাটার নাহিদ রানা শূন্য রানে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। অপর প্রান্তে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো ৮৬ রানে ৪ উইকেট নেন। মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে পান ৩টি করে উইকেট।
শুক্রবার সকালে ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে বড় স্কোর তোলার পর এখন ফিল্ডিংয়ে বাংলাদেশ। ইতোমধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস – ১৫৩.৪ ওভারে ৪৯৫ অলআউট (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; ফার্নান্ডো ৪/৮৬, মিলান ৩/৩৮, থারিন্দু ৩/১৯৬)

