নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:২৭ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি আরও বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।
তিনি জানান, লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন তারা।
সিইসি আরও বলেন, আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।
