যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, রাজা চার্লসের কাছ থেকে গ্রহণ করবেন 'হারমনি' পুরস্কার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সময় রাজা চার্লসের কাছ থেকে তিনি সম্মানসূচক ‘কিং চার্লস হারমনি পুরস্কার’ গ্রহণ করবেন।
এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি লন্ডনের স্বনামধন্য নীতিনির্ধারণী সংস্থা চ্যাথাম হাউসের আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এই সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশের গণতন্ত্রায়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে জোরালো করা।
আগামী ১৪ জুন তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

