গরুর দাম এবার তুলনামূলকভাবে কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
এ বছর কুরবানির গরুর দাম আগের বছরের চেয়ে তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলীতে কুরবানির পশুর হাট পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার কুরবানির পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে। ফলে গরু কেনায় সাধারণ মানুষকে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গাবতলী হাটে গরুর দাম তুলনামূলকভাবে সহনীয়, এবং এতে ক্রেতারা উপকৃত হচ্ছেন। আমার মনে হয়েছে, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম।’
বড় গরুর প্রতি মানুষের আগ্রহ কম কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগে মানুষের পকেটভর্তি কালো টাকা ছিল। এখন দুর্নীতি কমে যাওয়ায় সে রকম টাকা নেই। তবে এখনও অনেক সৎ মানুষ আছেন, যারা বড় গরু কিনতে পারেন ও কিনছেন।’
পশুর হাটে নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’
