রং-টং দিয়ে ফিটনেস বিহীন গাড়ি চলতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:০৪ পিএম
ঈদ যাত্রায় রং-টং দিয়ে ফিটনেস বিহীন কোনো গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘অনেক সময় দেখা যায় ফিটনেস বিহীন গাড়িগুলো মালিকেরা রং-টং করে রাস্তায় নামান। রং-টং দিয়ে ফিটনেস বিহীন কোনো গাড়ি কোনো অবস্থাতেই চলতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় দেখা যায় একজন ড্রাইভার রাজশাহীতে একটি গাড়ি নিয়ে গেলে সেখান থেকে সাথে সাথে ফিরে আসতে হয়। আমরা তাদের বলেছি, ড্রাইভারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ’মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে। ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয়। আমরা পুরোপুরি সজাগ রয়েছি।
পুলিশের জন্য শুধু জরুরি ছুটিই রাখা হয়েছে, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
