প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে নিজ স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে ডাকবিভাগের মোবাইল ব্যাংকিংসেবা নগদের উচ্চপদে নিয়োগে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল সোমবার (২ জুন) স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইসহ আতিক মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়েছে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ -এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে দুদক টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্তের নিমিত্ত (১) আতিক মোর্শেদ, মাননীয় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা এবং তার স্ত্রী (২) জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যাসত্য যাচাইয়ের নিমিত্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
