ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু, সময়ানুবর্তিতায় জোর দিয়েছে রেলওয়ে
আজ শনিবার (৩১ মে) থেকে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস চালু করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সময়নিষ্ঠা বজায় রাখা এবং শিডিউল ভাঙন রোধে নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ।
বাংলাদেশ রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, পূর্ব ও পশ্চিম জোনের নিয়ন্ত্রণকক্ষে আলাদা পর্যবেক্ষণ ইউনিট গঠন করে জরুরি দায়িত্বে কর্মকর্তা নিয়োগ করা হবে। এছাড়া ট্রেন চলাচলের নিরবচ্ছিন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে পর্যবেক্ষক ও কর্মকর্তা মোতায়েন থাকবে। দুর্ঘটনা এড়াতে নিয়মিত রেলপথ পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।
অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে চট্টগ্রামের পাহাড়তলী ও সৈয়দপুরের ওয়ার্কশপ থেকে মোট ৪৪টি যাত্রীবাহী কোচ রেলসেবায় যুক্ত করা হচ্ছে। সেই সঙ্গে ঈদের সময় ২৭টি লোকোমোটিভ ট্রেন চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় বৃহৎ ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য রয়েছে দুটি জোড়া বিশেষ ট্রেন।
বিশেষ ট্রেনগুলো চলবে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে। শোলাকিয়া স্পেশাল ট্রেন চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে।
কোরবানির পশু পরিবহনের জন্যও থাকছে তিনটি বিশেষ ট্রেন। ক্যাটেল স্পেশাল-১ ২ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় আসবে এবং একই রুটে ৩ জুন আরও একটি ট্রেন চলবে। অন্যদিকে ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে।

