দুই দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৮:৪৬ পিএম
দুই দফায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রথম দফায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না এবং অন্যান্য রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন। আজ রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু, রাজনৈতিক নেতা মুজাহিদুল ইসলাম সেলিম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বৈঠকে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফার বৈঠকে –– মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আবদুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজী উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা পৃথকভাবে ইউনুসের সঙ্গে বৈঠক করেন।
