সারাদেশে গত একমাসে ৪৮ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৩১ দিনে তাদের গ্রেপ্তার করা হয়। অর্থাৎ, গড়ে দৈনিক গ্রেপ্তার হয়েছে প্রায় এক হাজার ৫৬০ জন। 'অপারেশন ডেভিল হান্ট'র চেয়েও বেশি। অপারেশন ডেভিল হান্টে গড়ে প্রতিদিন ১ হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান বলেন, বিশেষ কোনো কারণে নয়, পুলিশের সক্রিয়তার ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। এছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যরা কার্যক্রম চালিয়ে যাওয়ায় গ্রেপ্তার বেড়েছে।
তিনি জানান, কয়েক মাস আগেও গড়ে প্রতিদিন গ্রেপ্তার করা হতো ১ হাজার ১০০ জনকে। গত এক মাসে ১৭৫ জনেরও বেশি আওয়ামী লীগের নেতা-কর্মী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক এমপি রয়েছেন।
তারা হলেন, মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জেবুন্নেসা আফরোজ (বরিশাল-৫), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), জাফর আলম (কক্সবাজার-১), আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪), সেলিনা ইসলাম (সংরক্ষিত আসন-৪৯, কুমিল্লা), শামীমা আখতার খানম ওরফে শামীমা শাহরিয়ার (সংরক্ষিত আসন-২১, সুনামগঞ্জ)।
এছাড়া গত ৯ মে নিজ বাসা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।
