Logo
Logo
×

সংবাদ

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৯:৪২ এএম

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করার কাজ চলছে। এ সময় ওই মহাসড়কটিতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে ঘটনাস্থলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক-চালকসহ তিনজন নিহত ও অপর ৩০ জন আহত হন।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ শুরু করে। ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আহতদের চিকিৎসা করতে অতিরিক্ত জনশক্তি নিয়োগ করেছে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন