Logo
Logo
×

সংবাদ

ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবন অবরুদ্ধ, নাগরিক সেবা স্থবির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:০৪ এএম

ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবন অবরুদ্ধ, নাগরিক সেবা স্থবির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনের প্রবেশদ্বার ও আশপাশের এলাকা অবরোধ করে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। এতে করে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সেবা প্রত্যাশী নাগরিকদের প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে।

‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে শতাধিক মানুষ বুধবার থেকেই নগর ভবনে বিক্ষোভ শুরু করে। তারা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা নগর ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগানে মুখর করে তোলেন এলাকা। কেউ কেউ নিচতলার বিভিন্ন অংশে বসে পড়ে প্রতিবাদে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া গোপীবাগের আমিনুল হক বলেন, “ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ হয়েছে। অথচ শপথ অনুষ্ঠানে গড়িমসি চলছে। এটা আমরা মেনে নেব না। অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।”

নগর ভবনের প্রধান প্রকৌশল বিভাগে কর্মরত রাসেল মাহমুদ জানান, বিক্ষোভকারীরা প্রধান ফটকসহ সকল প্রবেশপথ বন্ধ করে রেখেছেন, ফলে ভবনে প্রবেশ অসম্ভব হয়ে পড়েছে।

নগর পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা জানান, “সকালে অফিসে এসে দেখি গেইট বন্ধ। এখন বাইরে অপেক্ষা করছি।”

২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস জয়ী হলেও, সম্প্রতি একটি আদালতের রায়ে সেই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়।

কিন্তু এখনো তার শপথ অনুষ্ঠান হয়নি, যার ফলে দায়িত্ব গ্রহণ প্রক্রিয়াও আটকে আছে। এ নিয়ে আন্দোলনকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

পুরান ঢাকার বাসিন্দা পাভেল আহমেদ বলেন, “আদালতের রায়ে সবকিছু পরিষ্কার। আইন মেনেই সব হয়েছে। এখন আর দেরি করার সুযোগ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের চেয়ে বেশি ক্ষমতাধর নয়।”

আরেক আন্দোলনকারী সাইফুল ইসলাম বলেন, “নাগরিকেরা নিয়মিত কর দিচ্ছেন, কিন্তু মেয়র না থাকায় সেবা বন্ধ হয়ে আছে। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া সময়ের দাবি।”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন