জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৩:৪০ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ম্যাসমার্ডার মানে গণহত্যা, জেনোসাইড মানে “জাতিগত নির্মূল”। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি। আজ মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।
এর আগে, গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টের গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র আকারে দাখিল করা হবে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।
তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণহত্যার যে প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
