ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'ধ্বংস' করেছে পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৫, ০৪:৩২ পিএম
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনেছিল ভারত। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের দাবি, অপারেশন বুনইয়ানুম মারসুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। পাশাপাশি, তারা ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপিসহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে।
এদিকে শুক্রবার রাতে ভারতের ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও আর্টিলারি হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। অবশ্য পাকিস্তান এমন দাবি করলেও ভারত এসব দাবির কথা স্বীকার করেনি।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে, দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি জেএফ-১৭ থান্ডার বিমান গুরুতর আঘাত হেনেছে বলে জানা গেছে। এস-৪০০ সিস্টেমটি অত্যাধুনিক। এটির মূল্য প্রায় ১.৫ বিলিয়ন ডলার। যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল।
তবে পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে, যা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
অপরদিকে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ভারত পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে। ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি বলেন, আমাদের পাল্টা অভিযান 'বানিয়ান মারসুস' এ সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল।
