আমান দম্পতির সাজা বাতিল, খালাস দিল আপিল বিভাগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানকে অবৈধ সম্পদের মামলায় দেওয়া কারাদণ্ডের রায় বাতিল করে সম্পূর্ণ খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
বুধবার (১ মে) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় ঘোষণা করে।
রায়ে আমানউল্লাহ আমানের ১৩ বছরের এবং সাবেরা আমানের ৩ বছরের সাজা বাতিল হয়। আদালতের এই সিদ্ধান্তে দুজনই দুর্নীতির দায় থেকে মুক্ত হলেন বলে জানিয়েছেন আমান দম্পতির আইনজীবী ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে আমান সাহেবের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।”
২০০৭ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ ছিল, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।
ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত রায় ঘোষণা করে। এতে আমানউল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে তারা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। তবে দুদক ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়।
পুনঃশুনানি শেষে ২০২৩ সালের ৩০ মে হাইকোর্ট জজ আদালতের রায় বহাল রাখে। তবে এবার আপিল বিভাগ সেই রায় বাতিল করে দুজনকেই খালাস দিল।

