প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর অথবা বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কোনো কাজ করা যাবে না। গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) মো. রাইহুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর অথবা বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কোনো কাজ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তগণ দায়ী থাকবেন।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়াতে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) মো. রাইহুল ইসলাম বলেন, বন্ধের দিনে বা ক্লাসের পর স্কুল বন্ধ থাকবে। কোনো শিক্ষক বা অন্য কেউ স্কুলের রুমে প্রাইভেট পড়ালে বা কোচিং ক্লাস নিলে বা অন্য কোনো কাজে ব্যবহার করলে, তিনি এর জন্য দায়ী থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠায় আদেশ জারি করে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।
