Logo
Logo
×

সংবাদ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, ৪ দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, ৪ দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির চার দিনেও জ্ঞান ফেরেনি। এদিকে তার চিকিৎসা খোঁজ নিতে রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং কেউ শাস্তি থেকে রেহাই পাবে না।

নারী নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "যারা নারীর নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে।" নারীরা যেন ঘরে-বাইরে নির্বিঘ্নে চলাফেরা ও কাজ করতে পারেন, সে বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি আশ্বস্ত করেন।

চিকিৎসা সেবায় সর্বোচ্চ উদ্যোগ

হাসপাতালে পরিদর্শনের সময় তিনি শিশুটির চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং সিএমএইচ কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ দেন।

মামলার অগ্রগতি ও গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিবের ভাই রাতুল শেখ (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, চার আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি।"

তিনি আরও বলেন, "নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জোরদার করতে হবে।"

পরিদর্শনকালে সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন