Logo
Logo
×

সংবাদ

ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী মশিউরকে ছাড়াতে মাঠে বিআরআইসিএমের বিজ্ঞানীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী মশিউরকে ছাড়াতে মাঠে বিআরআইসিএমের বিজ্ঞানীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী, পতিত স্বৈরাচারের দোসর, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এইচ হলের সাবেক সহসভাপতি মশিউর রহমান সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। আদালতের নির্দেশে তিনি বর্তমানে জেলহাজতে আছেন। তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর হামলাসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 

এই মশিউরকে ছাড়াতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) বিজ্ঞানী-কর্মচারীরা। এই গ্রেপ্তারের প্রতিবাদে বিআরআইসিএমের বিজ্ঞানী ও কর্মচারীরা ব‍্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন। এমনকি তারা গ্রেপ্তারকৃত ছাত্রলীগের এই নেতার মুক্তির দাবিতে প্রতিষ্ঠানে তালা দিয়ে কর্মবিরতি পালন করছেন।

বিষয়টি ছাত্র সমাজকে বিক্ষুব্ধ ও মর্মাহত করছে। তাই তারা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজি) বরাবর স্মারকলিপি দিয়েছেন। রাজধানীর নিউমার্কেট থানার ও মো. মোহসীন উদ্দিন ও নিউমার্কেট জোনের উপপুলিশ কমিশনার (এসি) তারিক লতিফের মাধ্যমে এ স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। 


হাজারো ছাত্র-জনতার রক্তের দাগ মুছে না যেতেই, পতিত স্বৈরাচারের একজন দোসরের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে বিআরআইসিএমের বিজ্ঞানী-কর্মচারীদের এই ধৃষ্টতায় সংশ্লিষ্ট সকলে বিস্মিত। জানা যায়, এই অপতৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন এ প্রতিষ্ঠানের বিজ্ঞানী মো. মনিরুজ্জামান। যার সহযোগী হিসেবে রয়েছেন মো. আবু হাসান, মেহেদি হাসান টুটুল, জাবেদ বিন আহমেদ, ওমর বিন হামজা, রাইসুল ইসলাম, মইনুল হুদা,তোহিদুল ইসলাম, মুহিব প্রমুখ।

এদের এ ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের ধারণা হচ্ছে, বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মচারীরা যে কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। কেপিআইভুক্ত এ প্রতিষ্ঠানে কর্মচারীরা নিজেরা সিসিটিভিতে টেপ মেরে বন্ধ রেখে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সিসিটিভি নিজেরাই সরিয়ে ফেলে গোপনে কোন সন্দেহজনক কাজ করছে বলে ধারণা অনেকের। এখানে তারা ধ্বংসাত্মক কোনো কাজে লিপ্ত হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার বলে এলাকার জনগণ মনে করেন। কারণ গবেষণাগারে অনেক দাহ্য ও বিশেষ কেমিক্যাল থাকে, সব  রুমের চাবি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ক্যামেরার আড়ালে তারা কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ কাজ করছে কিনা, তা অনুসন্ধান করে দেখা জরুরি। এতে এলাকার নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে সকলের আশঙ্কা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মচারী জানান, ভবনের মূল গেট তালা দিয়ে সবাইকে নিচে বসে থাকতে বাধ্য করে শুধুমাত্র চার-পাঁচ জন ওপরে যাওয়া আসা করেন। দরজা বন্ধ করে কাজ করেন। যেখানে অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকে। এভাবে তারা কি কাজ করতে পারে, এর সাথে নাশকতার কোন পরিকল্পনা রয়েছে কিনা, তা অনুসন্ধান করা এখন জরুরি। দেশের বর্তমান ক্রান্তিকালে সরকারি কর্মচারীদের এধরনের উদ্ধত ও দুঃসাহসী আচরণ তুচ্ছজ্ঞান করা সমীচীন হবে না। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে এলাকা ও জনস্বার্থে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া দরকার বলে তাদের অভিমত।

এ ব্যাপারে স্মারকলিপি প্রদানকারীদের পক্ষে ঢাকা কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও শিক্ষার্থী সাহিন মৃধা বলেন, একজন ছাত্রলীগের পদধারী একাধিক মামলার আসামিকে ছাড়াতে মানববন্ধন করছে  বি আর আই সি এমের আওয়ামী লীগের  দোসররা। আমরা অবিলম্বে তাদের চাকরি থেকে অব্যাহতি ও গ্রেপ্তার চাই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন