Logo
Logo
×

সংবাদ

র‍্যাগিংয়ের অভিযোগে বাকৃবির ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

র‍্যাগিংয়ের অভিযোগে বাকৃবির ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় ২৮ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। হলটির প্রভোস্ট অধ্যাপক বজলুর রহমান মোল্যা আজ সোমবার ভোর রাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রভোস্ট অধ্যাপক বজলুর রহমান বলেন, অভিযুক্তরা গত ১১ জানুয়ারি রাতে গোপনে নতুন ভর্তি হওয়া ছাত্রদের র‍্যাগিং করেছে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা তাদের শনাক্ত করেছি। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলগুলোর প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের ৭ নম্বর ধারা মোতাবেক হল থেকে তাদের ১ বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে।

হল প্রভোস্ট আরও বলেন, সোহরাওয়ার্দী হলের ২৮ জন ও ননঅ্যাটাচ ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে সোহরাওয়ার্দী হলের অ্যাটাচ ২৮ জনের মধ্যে যাদের হলে পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ননঅ্যাটাচদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বাকৃবি প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা সর্বপ্রথম গত ১১ জানুয়ারি রাতে নবীন শিক্ষার্থীদের ওপর র‍্যাগিং করে। এর ফলে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও ব্যবস্থা নেবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন