নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৮ জানুয়ারি) ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ তথ্য জানান।
এ সময় প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজে সহায়তার আশ্বাস দেন ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংক সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করে।
এ সময় ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবন আশপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের আধিপত্যের পতন ঘটে। তারপর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে।
