Logo
Logo
×

সংবাদ

মরণোত্তর দেহ দান করলেন মাহবুব উর রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম

মরণোত্তর দেহ দান করলেন মাহবুব উর রহমান

মাহবুব উর রহমান (৭৪) নামের এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) মরণোত্তর দেহদান করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিএসএমএমইউয়ের অ্যানাটমি বিভাগের মরচুয়ারি, প্লাস্টিনেশন ল্যাব, স্কিন ল্যাব অ্যান্ড মিউজিয়াম কমপ্লেক্সে তার মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।

বিএসএমএমইউর পক্ষ থেকে দেহটি গ্রহণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। দেহ দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ব্যবচ্ছেদকালে দেহের যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন এর জন্য ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান স্বাস্থ্য সহকারী উপদেষ্টা ডা. মো. সায়েদুর রহমান।

তার স্ত্রী গীতি রহমান ২০১৯ সালে মৃত্যুবরণের পর তাঁর দেহ অনুরূপভাবে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দান করেছিলেন। এই মরহুম দম্পতির সিদ্ধান্তের প্রতি তাঁদের পরিবার পূর্ণ সমর্থন এবং সম্মান জানিয়েছেন।  

১৯৫০ সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করা মরহুম মাহবুব উর রাহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ক্যাপ্টেন হায়দার অধীনে বিখ্যাত ‘ক্র্যাক প্লাটুন’ এর সদস্য হিসেবে ১৯৭১ সালের তিনি সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিন দশকেরও বেশি সময় দেশের সেবায় নিয়োজিত থেকে তিনি সরকারি চাকুরি থেকে ১৯৮৪ সালে অবসর গ্রহণ করেন। এরপর ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তিনি তাঁর অভিজ্ঞতাপ্রসূত অবদান রাখেন। অবসরকালীন জীবনে তিনি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। 

মরণোত্তর দেহ দান এক মহান কাজ যা সমাজে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং বিজ্ঞানের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। এই মহতী পরিবারের এ অসামান্য দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মকে মানবকল্যাণে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের (ব্রেইন) পক্ষ থেকে মরহুম দম্পতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। এটা উল্লেখ্য যে, মাহবুব উর রহমান এবং গীতি রহমানের একমাত্র পুত্র জ্যোতি রহমান ব্রেইনের সিনিয়র উদ্যোক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক মিডিয়াতে পরিচিত অর্থনীতি ভাষ্যকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন