Logo
Logo
×

সংবাদ

রামপুরায় বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

রামপুরায় বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) বিকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই স্বামী-স্ত্রীর নাম জুবায়ের ও মনিসা আক্তার। 

এ ব্যাপারে রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে আজ বিকেলের দিকে হাজীপাড়ার একটি কক্ষের দরজা ভেঙে জুবায়েরকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং মনিসাকে জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনই মারা গেছেন বলে জানান।

এ পুলিশ কর্তকর্তা আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকতেন। পরিবারের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন