শেখ হাসিনা
গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে শেখ হাসিনা ভারত ছেড়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই।
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা সরে যায়। আমরা আইওএমকে অনুরোধ করেছি তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস।
