Logo
Logo
×

সংবাদ

বিল বকেয়া থাকায় চমেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে ৩৫০ সাপ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:১০ পিএম

বিল বকেয়া থাকায় চমেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে ৩৫০ সাপ

ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ, স্টেডিয়াম।

এতে ক্লাস-পরীক্ষাসহ নানা কার্যক্রমে সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টার ও ফরেনসিক বিভাগে বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। জেনারেটর দিয়ে কলেজের কার্যক্রম সচল রাখা হয়েছে জানিয়ে তাঁরা বলেন, বিল প্রদানের জন্য সময় চেয়ে সেই পর্যন্ত সংযোগ দিতে পিডিবিকে চিঠি দিয়েছেন তাঁরা।

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ, স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন বলেন, প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা বিল বকেয়া রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের। চারটি অ্যাকাউন্টে ছয় মাস ধরে বিল বাকি বারবার নোটিশ দিয়েও কাজ না হওয়ায় আজ সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেন আক্তার বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় বিল পরিশোধ করা যায়নি। বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পেলেই বিল পরিশোধ করা হবে। সেই পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে সংযোগ চালু করার অনুরোধ করেছি পিডিবিকে। উনারা আশ্বাস দিয়েছেন সংযোগ চালু করার। আসলে দুটোইতো সরকারি প্রতিষ্ঠান। একজনকে অন্যের সহযোগিতা করতে হবে।’

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কী কী অসুবিধা হচ্ছে জানতে চাইলে অধ্যক্ষ সাহেন আক্তার আরও বলেন, ‘পরীক্ষা চলছে এই কারণে ক্লাস সাসপেন্ড। অ্যাকাডেমিক কাজ আমরা জেনারেটর ব্যবহার করে ম্যানেজ করেছি। তবে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় সবচেয়ে সমস্যা হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারের। এখানে সাপে কাটার প্রতিষেধক তৈরির জন্য গবেষণা করা হয়। গবেষণার জন্য এখানে প্রায় ৩৫০টি জ্যান্ত সাপ আছে। এসব সাপকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।  বিদ্যুৎ না থাকায় সেগুলো ঝুঁকিতে আছে এছাড়াও ফরেনসিক বিভাগের ফ্রিজে চার বিদেশি নাগরিকের মরদেহ আছে। সেখানেও সমস্যা হতে পারে। এ ছাড়াও অতিরিক্ত গরমের কারণে কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।’

পিডিবির নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন বলেন, ‘চমেক কর্তৃপক্ষ সময় চেয়ে চিফ ইঞ্জিনিয়ার বরাবর আবেদন করেছেন। আমরা সহসা সংযোগ দিব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন