Logo
Logo
×

সংবাদ

তিস্তা: সংরক্ষণ-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শিগগিরই বাংলাদেশে আসছে কারিগরি দল

Icon

ইউএনবি

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৭:২৩ পিএম

তিস্তা: সংরক্ষণ-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শিগগিরই বাংলাদেশে আসছে কারিগরি দল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করতে একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক এবং দ্বিপক্ষীয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মোদি আরও বলেন, ভারতও বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের জন্য উভয় দলকে শুভকামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’

তিনি বলেন, সবুজ অংশীদারিত্ব, ডিজিটাল অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি এবং মহাকাশের মতো অনেক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সম্পাদিত চুক্তির ফলে উভয় দেশই উপকৃত হবে। মোদি বলেন, ‘আমরা যোগাযোগ, বাণিজ্য ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছি।’

দুই দেশে ৫৪টি অভিন্ন নদী রয়েছে।

তিনি বলেন, “বন্যা ব্যবস্থাপনা, আগাম সতর্কীকরণ, সুপেয় পানি প্রকল্পে আমরা সহযোগিতা করে আসছি। আমরা ১৯৯৬ সালের ‘গঙ্গা পানি চুক্তি’ নবায়নের জন্য কারিগরি বিষয় নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দুই দেশের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। সন্ত্রাস দমন, উগ্রবাদ হ্রাস ও সীমান্তের শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মোদি বলেন, ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ বাস্তবায়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ‘সোনার বাংলায় নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।’ তিনি বলেন, তারা নতুন ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি প্রস্তুত করেছেন।

হায়দরাবাদ হাউজে শনিবার শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে শুধু শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির (টেট-এ-টেট) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন