সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনা মোতায়েন
দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ করছেন সেনাসদস্যরা
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের অনুরোধে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় মঙ্গলবার (১৮ জুন) সেনাসদস্যরা সেখানে যান।
এই বিদ্যুৎ উপকেন্দ্রটি হতে সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসকল এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেনাসদস্যরা কাজ করছেন।
যেকোনো দুর্যোগ মোকাবিলায় ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে থাকে।
কয়েক সপ্তাহ ধরে সিলেটে সময়-অসময় বন্যা হচ্ছে। একবার পানি নেমে যাওয়ার কয়েক দিন পর আবার বন্যা হচ্ছে।

