ব্যবসায়ীর খোয়া যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১১:১৮ পিএম
ব্যবসায়ীর খোয়া যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা-পুলিশ। এ ঘটনায় রুবেল (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
পুলিশ জানায়, গত ১২ জুন ব্যবসায়ী সুমন কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন। এসময় তার কাছে হাসপাতালের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য নগদ ৫২ লাখ টাকা ছিল। তিনি টাকা গাড়িতে রেখে জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে যান। এ সময় গাড়ির চালক রুবেল সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েন।
পুলিশ আরও জানায়, অনেক খোঁজাখুঁজির পরে ড্রাইভারকে না পেয়ে ব্যবস্যায়ী সুমন গত ১৪ এপ্রিল সূত্রাপুর থানায় অভিযোগ করেন। পরে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে ব্যবসায়ী শওকত হোসেন সুমনের খোয়া যাওয়া ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আর রুবেলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোনের নজরুল ইসলাম বলেন, আমরা বাদির কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করি। আমরা আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।
