এক বছরে বাংলাদেশে সফটওয়্যার ডেভেলপার বেড়েছে ৬৬.৫%
বাংলাদেশে বর্তমানে সফটওয়্যার ডেভেলপার ৯ লাখের ওপর। আর ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বাংলাদেশে সফটওয়্যার ডেভেলপার বেড়েছে ৬৬ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গিটহাব এ তথ্য জানিয়েছে। ইনোভেশন গ্রাফ প্রকল্পের অংশ হিসেবে গত ১৮ জানুয়ারি গিটহাব এ তথ্য প্রকাশ করেছে। গিটহাব সারা বিশ্বের ডেভেলপারদের প্রোগ্রামিং কাজের সবচেয়ে ব্যস্ততম প্ল্যাটফর্মগুলোর একটি।
গিটহাবের তথ্য অনুযায়ী, গিটহাব প্ল্যাটফর্ম সফটওয়্যার ডেভেলপমেন্টে পারস্পরিক সহযোগিতার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে গিটহাবে নিবন্ধিত বাংলাদেশি ডেভেলপারের সংখ্যা ছিল পাঁচ লাখ ৬৮ হাজার ১৪৫। আর ২০২৩ সালের সেপ্টেম্বরে সেটি বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৪৫ হাজার ৬৯৬ জনে।
-666ebec860503.png)
তবে গিটহাবের দেওয়া তথ্যের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত, তারা প্রবৃদ্ধি বোঝানোর ক্ষেত্রে সফটওয়্যার কোডের পরিমাণের পরিবর্তে নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা হিসাব করে। এ কারণে ডেভেলপারদের মধ্যে অনেকে কম সক্রিয় থাকতে পারে। সে ক্ষেত্রে এটি সফটওয়্যার ডেভেলপমেন্টের সামগ্রিক ও প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না।
তবে রেস্ট অফ দ্যা ওয়ার্ল্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের সামগ্রিক ও প্রকৃত চিত্র তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে দেখা যায়, গিটহাবে সফটওয়্যার ডেভেলপারের সংখ্যায় এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় দুই কোটি বাসিন্দা গিটহাব ব্যবহার করে।
আর যুক্তরাষ্ট্রের পর অবস্থান ভারতের। দেশটির গিটহাব ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৩ লাখের ওপর। এছাড়া, চীনের সফটওয়্যার ডেভেলপার ৯১ লাখের ওপরে। ব্রাজিলে ৪৩ লাখ, এবং যুক্ত্ররাজ্য-রাশিয়াতে গিটহাব ব্যবহারকারীর সংখ্যা ৩০ লাখের ওপরে।
এদিকে উচ্চ-জিডিপি দেশগুলোর পরিসংখ্যান যারা প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তার করছে, তাদের হিসাবে বাংলাদেশ এবং নাইজেরিয়ার মতো ছোট দেশগুলোও এ ক্ষেত্রে কম না।
এই হিসেবে বলা যায়, ডিজিটাল অন্তর্ভুক্তি ও বিশ্বের সব মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশ আরও বড় আকারে যুক্ত হয়েছে । সফটওয়্যার ডেভেলপমেন্টে বাংলাদেশে এগিয়ে যাওয়ায় পশ্চিম ও এশিয়ার অন্যান্য বাজারে প্রথাগত প্রাযুক্তিক আধিপত্যের ধারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যা ডিজিটাল ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী উদীয়মান অর্থনীতির জেগে ওঠার সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়।

